In the Name of Allah, The Most Gracious, Ever Merciful.
Love for All, Hatred for None.
গত মার্চ ও এপ্রিল মাসে আহমদীয়া মুসলিম জামাত, কসোভোর উদ্যোগে দেশের প্রতিটি শহরের লাইব্রেরীতে আলবেনিয়ান ভাষায় অনুদিত জামাতের বই-পুস্তক প্রদান করেছে। এসব স্থানে জামাতের বই-পুস্তক প্রদানের পাশাপাশি লাইব্রেরীয়ানদেরকে আহমদীয়া জামাতের শিক্ষা ও আদর্শ সম্পর্কেও বিশদভাবে অবহিত করা হয়। দেশের অধিকাংশ লাইব্রেরী কতৃপক্ষই অত্যন্ত আগ্রহের সাথে জামাতের বই-পুস্তক গ্রহণ করেছে এবং এই মহতি উদ্যোগের জন্য জামাতকে ধন্যবাদ জানিয়েছে।
জামাতের যেসব বই-পুস্তক লাইব্রেরীতে প্রদান করা হয়েছে তার মধ্যে রয়েছে ‘মসীহ্ হিন্দুস্থান মেঁ’, ‘ইসলামী নীতি দর্শন’, ‘আমাদের শিক্ষা’, ‘আহমদীয়াতের পয়গাম’, ‘নির্বাচিত হাদীসের সংকলন’, ‘An elementary study of Islam’, এবং ‘Truth about Ahmadiyyat and its Holy founder’। এছাড়া বিভিন্ন লিফলেটও প্রদান করা হয়েছে।
১৪টি শহরের ১৪টি লাইব্রেরীতে জামাতের মূল্যবান প্রকাশনা রাখা হয়েছে। এছাড়া দু’টি বড় শহরের বিভিন্ন বইয়ের দোকানে জামাতের পুস্তকাদি বিক্রয়ের উদ্দেশ্যে রাখা হয়েছে।
উপরোক্ত কাজ নিষ্ঠার সাথে সম্পাদনের জন্য ৮জন খোদ্দাম নিরলস পরিশ্রম করেছেন বলে জানা গেছে। আল্লাহ্ তা’লা তাদেরকে উত্তম পুরস্কারে ভূষিত করুন।
আহমদীয়া মুসলিম জামাত, পোল্যান্ড গত ২৭ থেকে ২৯ তারিখ পর্যন্ত ওয়ারসো এবং কারাকাও শহরে তিনটি তবলীগি সেমিনার করার সৌভাগ্য লাভ করেছে। সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল, ‘ইসলাম কি পোল্যান্ডের জন্য হুমকী স্বরূপ’।
প্রথম সেমিনারটি অনুষ্ঠিত হয় ওয়ারসো বিশ্ববিদ্যালয়ে’র লাইব্রেরী কক্ষে; এতে ওরিয়েন্টাল ষ্টাডিজ অনুষদের পঞ্চাশ জন শিক্ষক ও শিক্ষার্থী যোগদান করেন। বিশ্ববিদ্যালয়ের এই গুরুত্বপূর্ণ বিভাগের কাছে আহমদীয়া জামাতের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়।
পবিত্র কুরআন পাঠ এবং এর পোলিশ অনুবাদের মাধ্যমে সেমিনার আরম্ভ হয়। এরপর মসজিদ ফযল লন্ডনের শ্রদ্ধেয় ইমাম মোহতরম মওলানা আতাউল মুজীব রাশেদ সাহেব উক্ত বিষয়ে মূল বক্তব্য প্রদান করেন। ছাত্র-শিক্ষক উভয়ে গভীর আগ্রহের সাথে তাঁর বক্তব্য শ্রবণ করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করেন। প্রশ্নোত্তর পর্বটি ছিল খুবই জ্ঞানগর্ভ ফলে কখন যে নির্ধারিত সময় পেরিয়ে গেছে তা কেউ টেরই পায়নি। আরো অনেকেই প্রশ্ন করতে চাইলে তাদেরকে জামাতের মসজিদে আসার নিমন্ত্রণ জানানো হয়।
সেমিনার শেষে জামাতের পক্ষ হতে সবাইকে একটি করে উপহারের প্যাকেট দেয়া হয়। এতে পোলিশ ভাষায় অনুদিত ‘ইসলামী নীতি দর্শন’, ‘লাইফ অফ মুহাম্মদ (সা.)’ এবং জিহাদ সংক্রান্ত লিফলেট ছাড়াও মোহতরম ইমাম সাহেবের বক্তৃতার পোলিশ অনুবাদের কপি প্রদান করা হয়।
দ্বিতীয় সেমিনারটি অনুষ্ঠিত হয় স্থানীয় একটি হোটেলের লবীতে আর এতে ইংরেজী বিভাগের ছাত্র-শিক্ষকরা যোগদান করেন। মোহতরম ইমাম সাহেব সেখানেও ‘ইসলাম কি পোল্যান্ডের জন্য হুমকী স্বরূপ’ বিষয়ে বক্তব্য রাখেন। তিনি তাঁর বক্তৃতায় শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ইসলামী শিক্ষা এবং আহমদীয়া জামাতের পরিচিতি তুলে ধরেন। সেসময় শিক্ষক ও শিক্ষার্থীরা অত্যন্ত আগ্রহের সাথে বিভিন্ন প্রশ্ন করেন। এখানেই সবাইকে জামাতের বিভিন্ন মূল্যবান বই এর একটি করে প্যাকেট উপহার দেয়া হয়।
তৃতীয় সেমিনারটি অনুষ্ঠিত হয় ‘ওয়ারসো’ হতে তিন কি:মি: দূরত্বে অবস্থিত ‘কারাকাও’ শহরের তিশনার আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে।
পবিত্র কুরআন পাঠ এবং এর পোলিশ অনুবাদের পর মোকাররম ইমাম সাহেব চল্লিশ মিনিট বক্তব্য রাখেন এবং উপস্থিত সকলে মন্ত্রমুগ্ধের মত তাঁর এই বক্তৃতা শ্রবণ করেন। এরপর প্রশ্নোত্তর পর্বের পালায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকমন্ডলী আগ্রহভরে বিভিন্ন প্রশ্ন করেন। সেমিনার শেষে উপস্থিত সবাইকে উপহার হিসেবে জামাতের মূল্যবান বই-পুস্তক প্রদান করা হয়।
এসব তবলীগি সভা-সমাবেশ সফল করার জন্য মোকাররম যোবায়ের খলীল সাহেব, অনারারী মোবাল্লেগ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন বলে জানা গেছে। আল্লাহ্ তা’লা সবাইকে উত্তম প্রতিদান দিন।
প্রাপ্ত সুত্রঃ কেন্দ্রীয় বাংলা ডেস্ক, লন্ডন, ইউকে