In the Name of Allah, The Most Gracious, Ever Merciful.
Love for All, Hatred for None.
জামাতের ঐতিহ্য অনুসারে আল্লাহ্ তা’লার অপার কৃপায় জামাতে আহমদীয়া বিশ্বের বিভিন্ন প্রান্তে দুঃখ ও দুর্দশা কবলিত - আর্ত মানবতার সেবা করার সুযোগ পাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ১১ই অক্টোবর বুর্কিনাফাঁসো’র দুর্গম এলাকা ‘ওয়াইগিয়া রিজিওনে’ দুস্থ্য ও দরিদ্র মানুষের সেবার উদ্দেশ্যে একটি চিকিৎসা শিবির স্থাপন করা হয়।
এই শিবির স্থাপনের চার দিন পূর্ব হতেই স্থানীয় রেডিওতে এই শিবিরের আগাম ঘোষণা প্রদান করা হয়, ফলে স্থানীয় জনসাধারণ এই চিকিৎসা শিবির সম্পর্কে জ্ঞাত হয়।
গত ১১ই অক্টোবর খুব সকাল হতেই রোগী আসতে আরম্ভ করে এবং ব্যাপক সংখ্যক মানুষ এই শিবির হতে চিকিৎসা সেবা লাভ করেন। মোহতরম ডাক্তার ফযল মাহমুদ ভানু সাহেব ‘ওয়াগাডুগু’ হতে ১৮০ কি:মি: দূরত্ব অতিক্রম করে এই চিকিৎসা সেবা প্রদান করতে আসেন।
রোগীদের মধ্যে অধিকাংশই ছিলো শিশু ও নারী আর এদের ভেতর বেশিরভাগই ম্যালেরিয়া ও চোখের অসুখে ভূগছে।
সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত ৪২৫জন রোগী দেখা হয় এবং তাদের মাঝে বিনামূল্যে ঐষধ সরবরাহ করা হয়।
এলাকার সকলেই জামাতের এরূপ সেবামূলক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং চিকিৎসকদের নিঃস্বার্থ সেবা দেখে তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করেন।
যুক্তরাজ্যের এলিট ফুটবল ক্লাব এর চেয়ারম্যান জনাব চরনজিত সিং এর আবেদনের প্রেক্ষিতে মজলিস খোদ্দামুল আহমদীয়া, ভারতের উদ্যোগে কাদিয়ানের আহমদীয়া মাঠে গত ২৮শে অক্টোবর থেকে ১লা নভেম্বর পর্যন্ত পাঁচ দিনের একটি ফুটবল কোচিং শিবির এর আয়োজন করা হয়।
এই শিবিরে প্রশিক্ষণ দেয়ার জন্য আন্তর্জাতিক মানের তিনজন কোচ গত ২৭শে অক্টোবর কাদিয়ান আগমন করেন।
সেদিন বাটালাতে একটি প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়, যাতে জামাতে আহমদীয়ার পরিচিতি এবং এই প্রশিক্ষণ শিবিরের উদ্দেশ্য বর্ণনা ধরা হয়।
এই শিবিরে প্রশিক্ষণ নেয়ার জন্য লক্ষ্ণৌ, দিল্লি, হরিয়ানা, গুজরাত, হিমাচল, পাঞ্জাব এবং কাদিয়ান থেকে মোট ৪২জন কোচ অংশ গ্রহণ করেন।
জামাতের ভিআইপি গেষ্ট হাউস ‘সারায়ে ওয়াসীম’এ অতিথিদের থাকা ও খাওয়ার সুব্যবস্থা করা হয়।
মোহতরম নাযের আলা এবং আহমদীয়া মুসলিম জামাত, কাদিয়ানের আমীর সাহেবের সভাপতিত্বে ২৮শে অক্টোবর সকাল ১১টায় আহমদীয়া মাঠে এই ক্যাম্প এর উদ্বোধনী অনুষ্ঠান হয়।
১লা নভেম্বর ২০০৯ তারিখ বিকাল ৪টায় আহমদীয়া মাঠে এই ক্যাম্প এর সমাপনি অনুষ্ঠান হয় আর এতে সভাপতিত্ব করেন মোহতরম নাযের উমুরে আমা সাহেব, সদর আঞ্জুমানে আহমদীয়া, কাদিয়ান। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঞ্জাব সরকারের মন্ত্রী জনাব সর্দার সেভা সিং সিখওয়াঁ।
শহরের পৌরসভার কর্মকর্তাবৃন্দ, স্কুল-কলেজের প্রিন্সিপাল মহোদয়, সরকারী উচ্চপদস্থ কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দও এসময় উপস্থিত ছিলেন।
বিভিন্ন টিভি চ্যানেল এবং পত্র-পত্রিকা এই প্রশিক্ষণ শিবিরের সংবাদ ফলাও করে প্রচার করেছে বলেও সূত্র জানিয়েছে।
প্রাপ্ত সুত্রঃ কেন্দ্রীয় বাংলা ডেস্ক, লন্ডন, ইউকে